অনলাইন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া শুধু আইটেম গানে ঝড় তোলেন না, বরং বাস্তব জীবনেও নিজের শরীর ও মনকে ভালোবাসতে জানেন। উষ্ণ গড়ন, আত্মবিশ্বাসী উপস্থিতি ও মঞ্চ মাতানো নাচের জন্য তিনি বরাবরই দর্শকের চোখে অনন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শরীরচর্চা, আত্মবিশ্বাস ও দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী, যা রীতিমতো অবাক করেছে তার ভক্তদের।
সাক্ষাৎকারে তামান্না বলেন, “আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি। প্রতিদিন কাজ শেষে গোসলের সময় আমি শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে ধন্যবাদ জানাই। শুনতে অদ্ভুত লাগলেও, এটা আমার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়। প্রতিদিন সে যেভাবে আমাকে সাহায্য করে, সেটা ভাবতেই আমি মুগ্ধ হই।”
তামান্না আরও জানান, ছোটবেলায় তিনি সৌন্দর্যকে এক রকমের শারীরিক মাপে বিচার করতেন। তার মতে, “একটা সময় আমি ভাবতাম ছিপছিপে শরীর মানেই সুন্দর। কিন্তু পরে বুঝেছি, সৌন্দর্য বা আত্মসম্মান শরীরের মাপে নয়, বরং নিজের প্রতি দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। নিজের শরীরকে সম্মান করলেই ভেতর থেকে সুন্দর লাগা শুরু হয়।”
সম্প্রতি তামান্না অভিনয় করেছেন ‘সিকান্দার কা মুকাদ্দার’ নামক চলচ্চিত্রে। ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল। এই সিনেমায় তামান্নার অনবদ্য পারফর্মেন্স ও ক্যারিশমা আবারও প্রমাণ করেছে কেন তিনি বলিউডের অন্যতম আবেদনময়ী ও আত্মবিশ্বাসী অভিনেত্রী।
এই ভাবনা ও দৃষ্টিভঙ্গি আজকের নারী সমাজকে নিজের শরীর ও আত্মপরিচয় নিয়ে নতুন করে ভাবতে শেখায়।
